বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:গ্রাফতের কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার থানা রোড এলাকার স্মার্ট কোচিং সেন্টারের সামনে থেকে মো. জাহাঙ্গীর আলম ওরফে জয় (৩৭) এবং বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পুলেরপাড় এলাকায় নিজ বাড়ি থেকে শ্রী বিশ্বজিৎ চন্দ্র সেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম উপজেলার মধ্য কাশিপুর গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে। বর্তমানে তিনি চন্দ্রখানা মাস্টারপাড়া এলাকায় বসবাস করেন। অন্যদিকে, গ্রেপ্তার বিশ্বজিৎ চন্দ্র সেন নাওডাঙ্গা ইউনিয়নের পুলেরপাড় এলাকার শ্রী বিমল চন্দ্র সেন ও শ্রীমতি দীপা রানীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত আগস্ট মাসে উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় ১২ আগস্ট ২০২৬ তারিখে ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।


