বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা ও ফেনসিডিলসহ এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে ফুলবাড়ী ইউনিয়নের কুটিচন্দ্রখানা মাদারেরপাঠ গ্রামের মাদারেরপাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কাকলী রানীর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কাকলী রানী (৩৭), জয়দেব কুমার মহন্ত (২৫), সুভাষ চন্দ্র ওরফে বাবু (৩০) এবং মো. আহসান হাবীব ওরফে সাহেব (৪০)।
তাঁদের মধ্যে তিনজন ফুলবাড়ী উপজেলার বাসিন্দা এবং একজন উলিপুর উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১ দশমিক ১ গ্রাম হেরোইন, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, দুই বোতল ফেনসিডিল ও নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।


