ফুলবাড়ীতে বাঁশের সাঁকো ভেঙে চরম দুর্ভোগে শিক্ষার্থীসহ ৮ গ্ৰামের হাজারো মানুষ

প্রকাশ:

Share post:

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বারোমাসিয়া (বাণিদাহ) নদীর ওপর নির্মিত প্রায় ৩০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোর অর্ধেকের বেশি অংশ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন দুই পাড়ের অন্তত আট গ্রামের হাজারো মানুষ। প্রায় দুই থেকে তিন মাস ধরে সাঁকোটি ভাঙা অবস্থায় পড়ে থাকলেও সংস্কারের উদ্যোগ না থাকায় বাধ্য হয়ে কেউ বুকসমান পানি মাড়িয়ে, কেউ সাঁতরে আবার কেউ জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা সাঁকো দিয়ে নদী পারাপার হচ্ছেন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্করা।

উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকায় নবিউলের ঘাট নামে পরিচিত বারোমাসিয়া (বাণিদাহ) নদীতে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৩০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোটির দক্ষিণ পাশের মাঝামাঝি প্রায় ১৫০ ফুট অংশ ভেঙে গেছে। ফলে সাঁকোটি দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করা সম্ভব হচ্ছে না। কেউ বুকসমান পানিতে হেঁটে, কেউ সাঁতরে নদী পার হচ্ছেন। আবার কেউ জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা অংশ দিয়ে পারাপারের চেষ্টা করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় চার দশক ধরে এ নদী পারাপারে ছোট ডিঙি ও মাঝারি নৌকা ব্যবহার করতেন দুই পাড়ের মানুষ। করিমের ঘাট ও নবিউলের ঘাট নামে পরিচিত স্থানে ইজারাদারের মাধ্যমে নৌকায় পারাপার হতেন তাঁরা। পরবর্তী সময়ে নদীর প্রশস্ততা কমে আসায় স্থানীয়দের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। এরপর থেকে প্রায় দেড় যুগ ধরে এ সাঁকো দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে আসছেন।

প্রতিবছর বর্ষা মৌসুমের আগে স্থানীয় উদ্যোগে সাঁকোটি মেরামত করা হলেও দীর্ঘদিন প্রয়োজনীয় সংস্কার না করায় বাঁশের পাটাতন ও কাঠামো দুর্বল হয়ে পড়ে। একপর্যায়ে দুই থেকে তিন মাস আগে সাঁকোটির বিভিন্ন স্থানের বড় অংশ ভেঙে যায়। এরপর থেকেই দুর্ভোগে পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা। সাঁকোটি ভেঙে যাওয়ায় নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী, চরগোরকমন্ডল, ঝাউকুটি, পশ্চিম ফুলমতি, নাওডাঙ্গা ও শিমুলবাড়ী এলাকার হকবাজারসহ পার্শ্ববর্তী লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চরখারুয়া ও খারুয়া গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

আরও পড়ুন:  সহধর্মিণীদের উপস্থিতিতে র‍্যাংক ব্যাজে ভূষিত পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিগণ

স্থানীয় বাসিন্দা মিনতি রানী মাথায় বাদামের বোঝা নিয়ে বুকসমান পানি মাড়িয়ে নদী পার হচ্ছিলেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “খালি ছবি তোলেন বাহে। দুই-তিন মাস ধরে এত কষ্ট করে নদী পারাপার হচ্ছি, কিন্তু কেউ আমাদের খোঁজ নিতে আসেননি। ছেলেমেয়েদেরও অনেক কষ্ট করে নদী পার হয়ে স্কুলে যেতে হচ্ছে। আমরা আর এ দুর্ভোগ সহ্য করতে পারছি না। দ্রুত সাঁকোটি মেরামত করা হোক।”

স্থানীয় মুদি ব্যবসায়ী আকাশ মাহমুদ ও কৃষক হাবিবুর রহমান বলেন, এ পথ দিয়ে এলাকার হাজারো মানুষ নিয়মিত নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে যাতায়াত করেন। এ ছাড়া দেড় থেকে দুই শতাধিক শিক্ষার্থী নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ, বালারহাট আদর্শ স্কুল, বিভিন্ন মাদ্রাসা ও ফুলবাড়ী কলেজে পড়াশোনা করে। সাঁকোটি ভেঙে যাওয়ায় প্রতিদিন তাদের চরম কষ্ট করে নদী পার হতে হচ্ছে। দ্রুত মেরামত করা না হলে শিক্ষার্থীদের পড়াশোনায়ও নেতিবাচক প্রভাব পড়বে।

বিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী সুমন মিয়া, শাকিব ও সবুজ মিয়া এবং কলেজশিক্ষার্থী সাইফুল ইসলাম, আব্দুল জব্বার ও মঈনুদ্দিন জানায়, সাঁকোটি ভেঙে যাওয়ায় স্কুল-কলেজে যাতায়াত করতে তাদের অনেক কষ্ট হচ্ছে। বিকল্প কোনো রাস্তা না থাকায় কখনো সাঁতরে, আবার কখনো জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা সাঁকো পার হতে হচ্ছে। পারাপারের সময় অনেকেই পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। দ্রুত সাঁকোটি মেরামতের দাবি জানায় তারা।

নাওডাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় মৎস্য খামারি আতাউর রহমান রতন বলেন, বারোমাসিয়া (বাণিদাহ) নদীর ওপর নির্মিত এ সাঁকোটি দুই পাড়ের হাজারো মানুষের চলাচলের একমাত্র ভরসা। দুই-তিন মাস আগে সাঁকোটি ভেঙে যাওয়ার পর থেকে মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে। অনেকে বুকসমান পানিতে নেমে পারাপার করছেন। দ্রুত সাঁকোটি মেরামত অথবা টেকসইভাবে নতুন সাঁকো নির্মাণের দাবি জানান তিনি।

আরও পড়ুন:  ফুলবাড়ীতে পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী জানান, ভেঙে যাওয়া সাঁকোটি দ্রুত পুনর্নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। এটি নির্মাণ করা হলে দুই পাড়ের হাজারো মানুষের দুর্ভোগ দূর হবে। জনস্বার্থে দ্রুত সাঁকোটি পুনর্নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান জানান, সাঁকোটি ভেঙে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে সেখানে একটি টেকসই বাঁশের সাঁকো নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে সাঁকোটি সংস্কার বা পুনর্নির্মাণ করবে, যাতে দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটে।

spot_img

সংবাদ সারাদেশ

বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ‘সবাই মিলে লড়ব, মাদকমুক্ত দেশ গড়ব’—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাবেক...

পার্বতীপুরে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত

পার্বতীপুর প্রতিনিধি: "দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে যুবদের বর্ণাঢ্য র‍্যালি...

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন শেকৃবি অধ্যাপক ড. নুর মহল

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এন্টমোলজি (কীটতত্ত্ব) বিভাগের অধ্যাপক...

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading