পার্বতীপুর প্রতিনিধি: “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে যুবদের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
আজ ০১ নভেম্বর পার্বতীপুর উপজেলা পরিষদ, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও বেসরকারী সংস্থা কাম টু ওয়ার্কের “ ম্যাপ ইন সিবিআর” প্রকল্পের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকাল ১০টায় উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৫ আসনের সংসদ সদস্য এ. জেড. এম. রেজওয়ানুল হক। পার্বতীপুরের উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ, প্রাণিসম্পদ কর্মকর্তা পবিত্র কুমার রায়, কাম টু ওয়ার্কের উপ-নির্বাহী পরিচালক রাঊফুন রহমান, ম্যাপ ইন সিবিআর প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর মঞ্জুরুল হক প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় ম্যাপ ইন সিবিআর প্রকল্পের প্রতিবন্ধী ১২০ জন যুব ও তাদের পরিচর্যাকারী (কেয়ারগিভার) অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধী শিশু ও যুবদের অবহেলা না করে তাদের সমাজের মূলধারায় টিকিয়ে রাখতে হবে। তাদেরকেও বিভিন্ন বিষয়ে দক্ষ করে উপার্জনে সক্ষম করে গড়ে তুলতে হবে। প্রকল্পের মাধ্যমে এধরণের কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে জেনে তিনি দাতা সংস্থা লিলিয়ান ফন্ডস, সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভলপমেন্ট (সিডিডি) এবং কাম টু ওয়ার্ক কে ধন্যবাদ জানান।


