নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এন্টমোলজি (কীটতত্ত্ব) বিভাগের অধ্যাপক এবং শেকৃবির সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোছাঃ নুর মহল আখতার বানু।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২১’-এর ১২(১) ধারা অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য তিনি উপ-উপাচার্য পদে দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। দায়িত্ব পালনকালে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয় আইন, সংবিধি ও উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা ও দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
অধ্যাপক ড. মোছাঃ নুর মহল আখতার বানু বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের এন্টমোলজি (কীটতত্ত্ব) বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি প্রায় ১৮ বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা, গবেষণা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত। এছাড়া তিনি কীটতত্ত্ব বিভাগের চেয়ারম্যান, একাডেমিক কাউন্সিলের সদস্য এবং বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন।
বগুড়ার দুপচাঁচিয়ায় জন্মগ্রহণকারী অধ্যাপক ড. নুর মহল আখতার বানু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক ও কীটতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কীটতত্ত্ব বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
গবেষণা ক্ষেত্রে তিনি জৈবিক বালাই দমন, সমন্বিত বালাই ব্যবস্থাপনা (IPM), শোষক পোকা ব্যবস্থাপনা এবং সংরক্ষিত শস্যের পোকা দমন বিষয়ে বিশেষ অবদান রেখে চলেছেন। তাঁর ২৬টি পূর্ণাঙ্গ গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং তিনি বিভিন্ন জাতীয় গবেষণা প্রকল্পের প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি একাধিক এমএস ও পিএইচডি গবেষকের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বর্তমানে তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর দীর্ঘ একাডেমিক, গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতা কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



