বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন বিসিডিএস ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের রংপুর বিভাগের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা. মো. শাহাদত হোসেন, উপজেলা শাখার কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম ও সদস্য রাজু আহাম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. সামছুল হক (পলাশ), সহসভাপতি মো. ইলিয়াছ হোসেন, সদস্য জাকারিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বিসিডিএস দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছে। ওষুধ ব্যবসায়ী ও ফার্মাসিস্টদের স্বার্থ বিবেচনায় নিয়ে এ কার্যক্রম থেকে সংগঠনটির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। একই সঙ্গে অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধ ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ওষুধ বিক্রি ও সংরক্ষণের ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে চলার পাশাপাশি প্রতিটি ফার্মেসির বৈধ লাইসেন্স নিশ্চিত করতে হবে।


