বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি দেশি ছাগলের একসঙ্গে পাঁচটি ছানার জন্ম দেওয়ার ঘটনায় এলাকায় বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিরল এ ঘটনা দেখতে ছাগলের মালিকের বাড়িতে ভিড় করছেন প্রতিবেশী ও উৎসুক মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের কৃষক তহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। ছাগলটি প্রথমে পরপর চারটি ছানার জন্ম দেয়। প্রায় এক ঘণ্টা পর জন্ম নেয় পঞ্চম ছানাটি। তবে জন্মের মাত্র ১৫ মিনিটের মধ্যে সেটি মারা যায়। বর্তমানে বেঁচে থাকা চারটি ছানা সুস্থ রয়েছে বলে জানিয়েছেন মালিক।
তহিদুল ইসলাম জানান, তাঁর পালন করা দেশি ছাগলটি এর আগে তিনবার বাচ্চা দিয়েছে। প্রতিবারই তিনটি করে ছানার জন্ম হয়েছিল। এবারও বাচ্চা দেওয়ার সময় একসঙ্গে পাঁচটি ছানা হবে, তা তিনি কল্পনাও করেননি। তাঁর স্ত্রী মমিনা বেগমের উপস্থিতিতে প্রথমে চারটি ছানার জন্ম হয়। পরে প্রায় এক ঘণ্টা বিরতি দিয়ে পঞ্চম ছানাটির জন্ম হলেও সেটি বাঁচেনি।
তহিদুলের বড় ভাই শহিদুল ইসলাম জানান, ঘটনার সময় তাঁর ভাই ও ভাবি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ ছাগলের ডাকাডাকি শুনে ঘরে গিয়ে দেখেন, ছাগলটি বাচ্চা দিচ্ছে। তাঁদের সামনেই কিছু সময়ের ব্যবধানে চারটি ছানার জন্ম হয়। পরে আরও একটি ছানার জন্ম হলেও সেটি কিছুক্ষণের মধ্যেই মারা যায়। বর্তমানে বেঁচে থাকা চারটি ছানাকে মায়ের দুধের পাশাপাশি গরুর দুধও খাওয়ানো হচ্ছে।
ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম বলেন, দেশি ছাগলের একসঙ্গে পাঁচটি ছানার জন্ম দেওয়ার ঘটনা বেশ ব্যতিক্রমী। সাধারণত একটি ছাগল একসঙ্গে দুটি, তিনটি কিংবা চারটি ছানার জন্ম দেয়। পাঁচটি ছানার জন্ম তুলনামূলক বিরল ঘটনা। এ ধরনের ছাগল পরিকল্পিতভাবে পালন ও পরিচর্যা করা গেলে খামারি ও কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন।
ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. চন্দন কুমার সরকার বলেন, একটি দেশি ছাগলের একসঙ্গে পাঁচটি বাচ্চা জন্ম দেওয়ার ঘটনা সচরাচর দেখা যায় না। তবে এটি অস্বাভাবিক নয়। ছাগলের ক্ষেত্রে একসঙ্গে পাঁচটি বাচ্চা জন্ম দেওয়ার হার প্রায় ২ থেকে ৩ শতাংশ।
তিনি আরও বলেন, একসঙ্গে একাধিক বাচ্চা জন্ম নিলে সেগুলোর যথাযথ পরিচর্যা ও পুষ্টি নিশ্চিত করা জরুরি। বিশেষ করে প্রতিটি বাচ্চা পর্যাপ্ত দুধ পাচ্ছে কি না, সেদিকে খেয়াল রাখতে হবে।


