রনবীর রায়, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে নদী ভাঙন প্রতিরোধে চলমান প্রকল্পের কাজ অব্যাহত রয়েছে। নদী তীরবর্তী এলাকায় ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এতে ভাঙনের ঝুঁকিতে থাকা বসতবাড়ি,আবাদি জমি ও বিভিন্ন স্থাপনা রক্ষার আশা দেখছেন স্থানীয়রা।
তবে প্রকল্পের কাজের গুণগত মান নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আলোচনা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ,কিছু জিও ব্যাগে নির্ধারিত পরিমাণ বালু ব্যবহার করা হয়নি। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে কয়েকটি জিও ব্যাগ পরীক্ষা করা হলে সেগুলো সঠিক মাপ ও পরিমাণ অনুযায়ী পাওয়া যায় বলে জানা গেছে।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন,সরকারি নির্দেশনা ও প্রকৌশল নীতিমালা অনুসরণ করেই কাজ পরিচালনা করা হচ্ছে। গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত রয়েছে বলেও দাবি তাদের। কোথাও কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।



