কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কার্যক্রম এগিয়ে নিতে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহ. রাশেদুল ইসলাম, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসেন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব ও শফিকুল ইসলাম বেবু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত এ খুদা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর রহমান, হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিমসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সম্ভাব্য ক্যাম্পাস এলাকা (ছিনাই এলজিইডি,নালিয়ার দোলা)পরিদর্শনের সময় ত্রাণমন্ত্রী জমির অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যতে সম্প্রসারণের সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় উত্তরাঞ্চলের কৃষি শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি আধুনিক ও মানসম্মত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের শিক্ষার্থীরা উন্নত শিক্ষার সুযোগ পাবে।
উপাচার্য অধ্যাপক ড. মুহ. রাশেদুল ইসলাম বলেন, স্থায়ী ক্যাম্পাস নির্মিত হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি কৃষিভিত্তিক উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কুড়িগ্রামের শিক্ষা ও সামগ্রিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এ কাজে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এদিকে স্থানীয় নেতৃবৃন্দ ও বাসিন্দারা দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু করার দাবি জানান। তারা এ উদ্যোগকে কুড়িগ্রামের উন্নয়নের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।



