বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম গাউস লেমন খালাতো বোনের বিয়ের দাওয়াতে এসে জনতার হাতে আটক হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় খালার বাড়িতে দাওয়াতে আসলে স্থানীয় জনগণ তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।
গোলাম গাউস রহিমাবাদ এলাকার শাহ আলমের ছেলে। তার বিরুদ্ধে চুরি, মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমি দখল এবং থানার ওপর হামলাসহ পাঁচটি মামলা রয়েছে। গত ৫ আগস্ট থেকে তিনি পলাতক ছিলেন। বিয়ের দাওয়াত উপলক্ষে বাড়িতে আসার খবর পেয়ে তার হাতে নির্যাতিত এলাকাবাসী খালার বাড়ি ঘেরাও করে এবং ইউপি সদস্য তাজুল ইসলামের মাধ্যমে পুলিশকে খবর দেয়।
পুলিশের উপস্থিতিতে ক্ষুব্ধ জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম নিশ্চিত করেছেন যে, গোলাম গাউসের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে, যার মধ্যে একটি রাজনৈতিক মামলা।
স্থানীয়দের অভিযোগ, গাউস দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে মাদক ব্যবসা, জোরপূর্বক ব্যবসা পরিচালনা এবং অন্যায়ভাবে প্রভাব বিস্তার করে আসছিলেন।



