মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া গ্রামে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত সুইজারল্যান্ড বিএনপির সদস্য রহিম মোল্লা ও স্থানীয় বিএনপি কর্মী আওলাদ মোল্লার অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে।
ঘটনায় গুলিবিদ্ধদের মধ্যে জরিনা বেগম (৪০), দিদার মিয়া (৩৫) এবং আমেনা বেগমসহ (২২) পাঁচজনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে চর ডুমুরিয়া গ্রামের রহিম মোল্লা এবং শামারচর গ্রামের আওলাদ মোল্লার মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। ভোরে আওলাদ মোল্লার লোকজন চর ডুমুরিয়া গ্রামে হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহরিয়ার হাফিজ জানান,”গুলিবিদ্ধ পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।”
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে বলেন,”আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
আটক প্রসঙ্গে তিনি জানান, এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।



